ময়মনসিংহ 

নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা মউকের

ময়মনসিংহ নগরীর প্রতিটি ভবনে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

তিনি বলেন, ভবন নির্মাণে অনুমোদিত নকশা অনুসরণ এবং নগর পরিকল্পনার বিধিমালা বাস্তবায়নে এখন থেকে কঠোর নজরদারি করা হবে। নিয়মের ব্যত্যয় ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ গণপূর্ত ভবনে মউকের বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মউক চেয়ারম্যান বলেন, বিসি কমিটির প্রথম সভার মধ্য দিয়ে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে নগরীর ভবনের নকশা অনুমোদন, নির্মাণকাজ তদারকি এবং সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা হবে।

তিনি জানান, ভবনের নকশা অনুমোদনের আগে সরেজমিনে জমি পরিদর্শন করা হবে। রাস্তার সংযোগ, নির্ধারিত সেটব্যাক, খোলা জায়গা, পার্কিং ব্যবস্থা এবং অন্যান্য বিধিমালা যথাযথভাবে মানা হয়েছে কি না, তা যাচাইয়ের পর অনুমোদন দেওয়া হবে।

মোতাহার হোসেন তালুকদার বলেন, অনুমোদনের পর তিন বছরের মধ্যে নির্মাণকাজ শুরু না হলে নকশার অনুমোদন বাতিল করা হতে পারে। এছাড়া নির্মাণ চলাকালীন নিয়মিত পরিদর্শনের মাধ্যমে অনুমোদিত নকশা অনুসরণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় জনবল নিয়োগের পর নগরীর আগে থেকে নির্মিত ভবনগুলোও পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। বিধি লঙ্ঘন পাওয়া গেলে সংশোধনের সুযোগ দেওয়া হবে এবং প্রয়োজন অনুযায়ী জরিমানা করা হবে।

মউক চেয়ারম্যান জানান, আবাসন সংকট নিরসনে ব্রহ্মপুত্র নদের অপর পাড়ে পরিকল্পিত নতুন নগর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে আবাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অফিস ও পার্কসহ আধুনিক নাগরিক সুবিধা তৈরির পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে অধিগ্রহণ করা ৯৪৫ একর জমির একটি অংশ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

নগরীর যানজট নিরসন প্রসঙ্গে তিনি বলেন, ময়মনসিংহকে মেট্রোপলিটন এলাকা ঘোষণা, প্রয়োজনীয় জনবল নিয়োগ, যানবাহন ব্যবস্থাপনা এবং সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যানজট নিয়ন্ত্রণে কাজ করা হবে।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননসহ সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরিকল্পিত মাস্টারপ্ল্যানের মাধ্যমে একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তোলার কাজ চলছে।

এর আগে মউকের বিসি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। নয় সদস্যের কমিটির সদস্যদের মধ্যে কয়েকজন সরাসরি এবং দুইজন ভার্চুয়ালি সভায় অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন— মউকের বিসি কমিটির সদস্য সচিব ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সিগ্ধা দাস, স্থাপত্য অধিদপ্তরের সাইকা বিনতে আলম, মউকের অথরাইজড কর্মকর্তা ইফতেখার আলম এবং পরিকল্পনা কর্মকর্তা ইশরাত জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।