হাদি হত্যা মামলা: ১৭ বারের মতো পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। 

বুধবার (১৫ জুলাই) ধার্য দিনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় আগামী ২০ আগষ্ট নতুন তারিখ ধার্য করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম। 

এ নিয়ে এ মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৭ বারের মতো পেছাল।

গত বছরের ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুর পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান তিনি। 

গত ৬ জানুয়ারি ওসমান হাদি হত্যা মামলার তদন্ত শেষে ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এতে প্রধান আসামি করা হয় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে। গত ১৫ জানুয়ারি এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রে নারাজী দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ও মামলার বাদী আবদুল্লাহ আল জাবের। পরে মামলাটি অধিকতর তদন্ত করে প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত। 

হাদি হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ১১ আসামি কারাগারে। ৬ আসামি এখনও পলাতক। ঘটনার পর পালিয়ে যাওয়া আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গত ৭ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করে।