মনপুরায় কৃষক নির্যাতন: বিএনপির ৫ নেতার বিরুদ্ধে মামলা

ভোলার মনপুরায় কৃষক মো. আলাউদ্দিনকে বিএনপির কার্যালয়ে নিয়ে মারধর ও মাথার চুল কেটে ন্যাড়া করার অভিযোগে বিএনপির পাঁচ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) সকালে ভুক্তভোগী নিজেই মনপুরা থানায় মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম। তিনি জানান, মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক মো. আলাউদ্দিনকে স্থানীয় চৌকিদারের মাধ্যমে বাংলাবাজার বিএনপির কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে কার্যালয়ের শাটার বন্ধ করে তাকে মারধর করা হয়। পরে স্থানীয় একটি সেলুন থেকে নাপিত এনে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। পাশাপাশি ঘটনাটি কাউকে জানালে পরিণতি ভোগ করতে হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিযুক্তরা হলেন— দুলাল ওরফে দুলাল মেম্বার, ফরিদ, কালাম, মোশারফ ও কাদির। তারা সবাই উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী আলাউদ্দিন জানান, ঘটনার পর অভিযুক্তদের ভয়ে তিনি তাৎক্ষণিকভাবে চিকিৎসা নিতে পারেননি। স্থানীয়দের সহায়তায় তিন দিন পর মঙ্গলবার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। পরে আইনি প্রতিকার চেয়ে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর বলেন, ‘যে দলেরই হোক, কেউ অপরাধ করলে তাকে আইনের মুখোমুখি হতে হবে।’ তিনি ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মামলার অন্যতম আসামি ও বিএনপি নেতা ইউপি সদস্য জাকির হোসেন দুলাল। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। নারী সংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে আলাউদ্দিনকে শুধু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাকে মারধর বা অপমান করা হয়নি।

উল্লেখ্য, এর আগে ভুক্তভোগী কৃষক সংবাদ সম্মেলন করে বিএনপি কার্যালয়ে নিয়ে মারধর, মাথা ন্যাড়া করা এবং অপমানের অভিযোগ তুলে বিচার দাবি করেন। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপরই এ ঘটনায় মামলা দায়ের করা হলো।