নেত্রকোনা 

২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

নেত্রকোনার কেন্দুয়ায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৫ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক।

এর আগে, সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার সংলগ্ন আঠারোবাড়ী-কেন্দুয়া সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মরিয়ম বেগম উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী।

ডিএনসি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কেন্দুয়াগামী একটি যাত্রীবাহী বাসে ইয়াবার একটি বড় চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে আঠারোবাড়ী-কেন্দুয়া সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। একপর্যায়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘আশেকানে হাওলাপুরী’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় ডিএনসি। এ সময় বাসে থাকা যাত্রী মরিয়ম বেগমের হেফাজতে থাকা দুটি প্যাকেট থেকে মোট ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত একটি আইটেল (বাটন) মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে আটক মরিয়মের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, আটক মরিয়মকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বদা তৎপর রয়েছে এবং মাদক অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।