সাদিক কায়েমের জামায়াতে যোগ দেওয়ার তথ্য সঠিক নয়

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ থেকে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি মেয়র পদে নির্বাচনে অংশ নিতে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। 

তবে এসব তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

জানতে চাইলে বুধবার রাতে দেশ রূপান্তরকে তিনি বলেন, ডাকসু ভিপি সাদিক কায়েমের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের তথ্যটি সঠিক নয়। জামায়াত আমির ডা. শফিকুর রহমান ছাত্রশিবিরের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই ছবিটি দেখে সাদিক কায়েমের যোগদানের কথা বলা হচ্ছে। আদৌ তা সঠিক নয়।

তিনি বলেন, শিবিরের সদ্য সাবেক অনেক নেতাই জামায়াতে যোগ দিয়েছেন। তবে সাদিক কায়েম এখনো যোগ দেননি।