আমিরাতে ৫বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু

পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা চালু করেছে দুবাই। জানা গেছে পর্যটকদের যাতায়াত আরও সহজ ও সাবলীল করতে সব দেশের নাগরিকদের জন্য স্পনসর বা আয়োজক ছাড়াই এ উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ উদ্যোগের ফলে পর্যটকরা এখন থেকে এই একটি ভিসার মাধ্যমেই পাঁচ বছর ধরে একাধিকবার দুবাইসহ পুরো আরব আমিরাতে অবাধে প্রবেশের সুযোগ পাবেন।

দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) সম্প্রতি এই নতুন ভিসা সুবিধা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ভিসার আওতায় একজন দর্শনার্থী প্রতিটি সফরে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত আরব আমিরাতে অবস্থান করতে পারবেন। 

তবে দর্শনার্থীরা চাইলে এই মেয়াদ আরও ৯০ দিনের জন্য বাড়াতে পারবেন। এক্ষেত্রে একমাত্র শর্ত হলো, কোনোভাবেই এক বছরের মধ্যে মোট অবস্থানের মেয়াদ ১৮০ দিনের বেশি হওয়া যাবে না।

জিডিআরএফএ আরও স্পষ্ট করেছে যে বিশ্বের যেকোনো দেশের নাগরিকরাই এই দীর্ঘমেয়াদি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে এই ভিসা পাওয়ার জন্য আবেদনকারীকে নির্দিষ্ট কিছু কাগজপত্র জমা দেওয়ার পাশাপাশি আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে।

ভিসা আবেদনের অত্যাবশ্যকীয় শর্তগুলোর মধ্যে প্রথমেই রয়েছে আবেদনকারীর সদ্য তোলা রঙিন ছবি এবং কমপক্ষে ছয় মাস মেয়াদ আছে এমন পাসপোর্টের কপি।

এর পাশাপাশি আবেদনকারীকে তার আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসেবে এমন একটি ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে, যেখানে ন্যূনতম চার হাজার মার্কিন ডলার বা তার সমপরিমাণ ব্যালেন্স থাকার প্রমাণ রয়েছে।

এছাড়াও প্রত্যেক আবেদনকারীর একটি বৈধ স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্সের প্রমাণপত্র এবং দেশে ফেরার কনফার্মড রাউন্ড-ট্রিপ বা রিটার্ন বিমান টিকিট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করে যে কেউ এখন থেকে দীর্ঘমেয়াদে দুবাই ভ্রমণের সুযোগ গ্রহণ করতে পারবেন।