তিতাস নদী ভরাটের দায়ে এনসিপি নেতার জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে তিতাস নদী তীরবর্তী জায়গা ভরাটের অপরাধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাটের কাজে ব্যবহৃত প্রায় তিন হাজার ফুট পাইপ ধ্বংস ও দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়।

বুধবার (১৫ জুলাই) বিকেলে সদর উপজেলার শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ের ঘাটুরা মৌজায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন।

ভ্রাম্যমাণ আদালত জানায়, অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে নদীতীরবর্তী জমি ভরাট করার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলায় দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযুক্ত আজিজুর রহমান লিটন উপস্থিত না থাকায় তার পক্ষে প্রতিনিধি মো. জাফর ইমাম আদালতে উপস্থিতিতে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন সুহিলপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।