গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান

গুপ্তচরবৃত্তি ও শত্রুরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ইরানে আটকে থাকা ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেনা কারারি (৫৩) মুক্তি পেয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কারারির যুক্তরাষ্ট্রভিত্তিক আইনজীবী জ্যারেড জেনসার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ওই দাবি করেন। ট্রাম্প জানান, কারারিকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল এবং তিনি এখন নিরাপদে ইরানের বাইরে আছেন। একই সঙ্গে তিনি এ ঘটনাকে ইরানের পক্ষ থেকে একটি সদিচ্ছার পদক্ষেপ বলে উল্লেখ করেন।

কারারির মুক্তির ঘটনা এমন সময় ঘটল, যখন দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা অব্যাহত রেখেছে।

আইনজীবী জ্যারেড জেনসার জানান, যুদ্ধের মধ্যেও কারারির ইরান ত্যাগ করতে পারা একটি ছোট অলৌকিক ঘটনা। তিনি আরও বলেন, গত সপ্তাহে কারারি গুরুতর হৃদ্‌রোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন, যা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।

ট্রাম্প তার মুক্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে জেনসারের ভাষ্য অনুযায়ী, ডেনা কারারি বর্তমানে যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছেন এবং তাকে দেশে ফিরিয়ে আনতে সহায়তার জন্য তিনি ট্রাম্প প্রশাসনের প্রশংসা করেছেন।