নরসিংদীর রায়পুরায় নদীতে গোসলে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার বড়কান্দা এলাকার কাকন নদীতে এ ঘটনা ঘটে ।
মৃত তিন শিশু হলো ওই গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই এলাকার রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৯), রুবেল মিয়ার মেয়ে আশেয়া (৯) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী।
পরিবার ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে মাদরাসা থেকে ছয় শিশু শিক্ষার্থী কাকন নদীতে গোসল করতে নামে। এসময় একজন তলিয়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টাকালে অন্যান্যরাও পানিতে তলিয়ে যায়। পরে আশেপাশের লোকজন ঘটনাস্থলে দৌড়ে এসে তিনজনকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন। এসময় আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয় এবং এবং শিশু সুমাইয়ার মরদেহ উদ্ধার করে বাড়িতে রাখা হয়েছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আশরাফুর রহমান বলেন, আমাদের এখানে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।
এবিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মজিবুর রহমান জানান, পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।