বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরে ইসলাম সাদ্দাম বলেছেন, আবু সাঈদের চেতনা প্রজন্মকে জাগিয়ে তুলছে।
তিনি বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও সত্যের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাচ্ছে। আবু সাঈদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। তার চেতনা আজ দেশের তরুণ সমাজকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জুলাই শহীদ দিবস ও আবু সাঈদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে শিবির সভাপতি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা ইসলামের পথে শহীদ হয় তাদের তোমরা নিহত বলো না। আবু সাঈদ শুধু বাংলাদেশের না আবু সাঈদ নামটি পুরো পৃথিবী জুড়ে। আবু সাঈদ সাহসের প্রতীক, তরুণ প্রজন্মকে জাগিয়ে তোলার প্রতীক। আবু সাঈদ পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল। জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল আবু সাঈদের রক্তের স্রোতের ওপর দাঁড়িয়ে। এই সময়ে আবু সাঈদ দু হাত প্রসারিত করে নিজের জীবন উৎসর্গ করেছিল। আবু সাঈদ সেদিন মনে করেছিল জীবন দিয়েই ফ্যাসিজমকে বিদায় করবো। এই ভূখণ্ডের কোনো আন্দোলন বিফলে যায় নাই।
সবশেষে তিনি শহীদদের আত্মত্যাগের আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে উল্লেখ করেন।
এসময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।