বিশ্ব সাপ দিবসেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা। পরে বন বিভাগের তত্ত্বাবধানে অজগরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৫নম্বর পুল উত্তর ভাড়াউড়া এলাকার যোবায়ের আহমেদের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে বাড়ি থেকে হাঁস ও মুরগির কয়েকটি বাচ্চা রহস্যজনকভাবে নিখোঁজ হচ্ছিল। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির দেয়ালের ওপর একটি বড় অজগর সাপকে পাশের একটি গাছের দিকে যেতে দেখে বিষয়টি টের পান। ধারণা করা হচ্ছে, নিখোঁজ হওয়া হাঁস-মুরগির বাচ্চাগুলো অজগরটির খাদ্যে পরিণত হয়েছিল। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে অজগরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সেটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, উদ্ধারকৃত অজগরটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। অজগর বিষধর সাপ নয় বরং পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লোকালয়ে সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়া উচিত।