মেসির সঙ্গে উত্তপ্ত মুহূর্ত, কি বলেছিলেন বেলিংহাম?

ইংল্যান্ড ও আর্জেন্টিনার সেমিফাইনালের উত্তাপ ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে লিওনেল মেসি ও জুড বেলিংহামের একটি মুহূর্ত। রিয়াল মাদ্রিদের তরুণ তারকা বেলিংহাম স্প্যানিশ ভাষায় বেশ দক্ষ হওয়ায় প্রথমার্থে খেলার মাঝে মেসির সঙ্গে তাকে বেশ উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে দেখা যায়।

ম্যাচ শেষে হার-জিত ছাপিয়ে তাই সংবাদমাধ্যমের কৌতূহল ছিল মেসি-বেলিংহামের সেই কথোপকথন নিয়ে। কি বলেছিলেন বেলিংহাম? তাতেই কেনই বা চটেছিলেন মেসি? তবে বেলিংহাম বিতর্ক এড়িয়ে বিষয়টিকে মাঠে ঘটে যাওয়া সাধারণ ঘটনা হিসেবেই ব্যাখ্যা করেছেন। তিনি জানান, তাদের মাঝে কোনো বিরোধ ছিল না, বরং সেটি ছিল একটি ফাউল নিয়ে ‘সাধারণ আলোচনা’।

মেসির সঙ্গে সেই উত্তপ্ত মুহূর্ত নিয়ে বেলিংহাম বলেন, ‘আমরা মূলত একটি ফাউল নিয়ে আলোচনা করছিলাম, এর বাইরে খারাপ কিছুই ঘটেনি। আমি জানি, সবাই হয়তো বিষয়টিকে বড় করে দেখাবে, কিন্তু বাস্তবে তেমন কিছুই ছিল না। আমি তাকে বলেছিলাম যে আমার মনে হয়েছে আগের ফাউলটি ছিল, আর সে পাল্টা জবাবে বলেছিল, ‘আমার ওপর হওয়া ফাউলটির কী হবে?’ আমি হেসে তাকে বলেছিলাম, ‘তুমি তো শক্তপোক্ত, সামলে নিতেই পারবে’।’

মেসির বিপক্ষে খেলাটাকে নিজের ক্যারিয়ারের অন্যতম বিশেষ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে ইংলিশ এই প্লে-মেকার আরও বলেন, ‘তার বিপক্ষে খেলতে পারাটা সবসময়ই সম্মানের। হারের বেদনা অবশ্যই অনেক বেশি, তবে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের মুখোমুখি হতে পারাটা এক দারুণ সুযোগ।’ 

তবে শুধু মেসির সঙ্গেই নয়, ম্যাচ শেষে আর্জেন্টিনার বদলি খেলোয়াড় ভ্যালেন্টিন বার্কোর সঙ্গে বেলিংহামের আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও ক্যামেরাবন্দি হয়েছে। ম্যাচের উত্তেজনার একপর্যায়ে বার্কোর মাথার পেছনে হালকা চড় মারতে দেখা যায় তাকে। এই ঘটনার পর এবার বেলিংহাম কোনো শাস্তির মুখে পড়বেন কি না, তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা।