হালান্ডের কোরিয়ায় তৈরি হেয়ার টাই স্টক আউট

ফিফা বিশ্বকাপে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের পরা হেয়ার টাইটি (চুল বাঁধার ফিতে) দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের তৈরি—এমন তথ্য প্রকাশের পর এটি এখন ব্যাপক সাড়া জাগিয়েছে। কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন যে, বিশেষভাবে তৈরি এই হেয়ারপিসটি ইতিমধ্যেই সম্পূর্ণ বিক্রি বা স্টক আউট হয়ে গেছে।

সিউল থেকে প্রায় ৭৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত চুনচিওনের নামসান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের একটি প্রতিষ্ঠান ‘দুজি কোং’ এই ‘কনেক্কি’ হেয়ার টাইটি তৈরি করেছে। বিশ্বকাপে হালান্ড তাঁর প্রতিটি ম্যাচে এটি পরার পর থেকেই ফুটবল ভক্তদের নজর কাড়ে এটি।

কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বকাপে হালান্ডের পরা এই সংস্করণটি অর্থাৎ ‘হালান্ড এডিশন’টি মূলত বিশেষভাবে (কাস্টম-মেড) তৈরি করা হয়েছিল, যেখানে রঙগুলো হালান্ড নিজেই পছন্দ করেছিলেন। কনেক্কি হেয়ার টাইটি মূলত এর স্থায়িত্ব এবং আরামদায়ক ফিটিংসের জন্য পরিচিত। এটি কঠোর অনুশীলন বা প্রচণ্ড ঘামের মধ্যেও ঢিলে হয়ে না গিয়ে একদম নিখুঁতভাবে চুল আটকে রাখে। ১০ পিসের একটি প্যাকেট কোম্পানি বিক্রি করছে ২৮ ইউরোতে। 

হালান্ডের সাথে সিইও চো-এর এই সম্পর্কের সূত্রপাত হয়েছিল প্রিমিয়ার লীগের একটি ম্যাচ থেকে। হালান্ড তাঁর তৈরি পণ্য ব্যবহার করছেন জানতে পেরে, চো একটি বিশেষ হেয়ার টাই তৈরি করে তাঁকে উপহার দেন, যা হালান্ডের বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটির জার্সির রঙের সাথে মিল রেখে তৈরি করা হয়েছিল।

চো ২০১৫ সালে নরওয়েজিয়ান কোম্পানি ‘বন ডেপ’ -এর সাথে একটি লাইসেন্স চুক্তি স্বাক্ষর করে ইউরোপের বাজারে প্রবেশ করেন। কোম্পানির কর্মকর্তারা আরও জানান, ২০২৩ সালে বিতরণ ও ট্রেডমার্কের স্বত্ব হস্তান্তর করার পরেও, তিনি একচেটিয়া উৎপাদন অধিকারের ভিত্তিতে চুনচিওনের কারখানায় এই পণ্যটি তৈরি করে আসছেন।