‘চিকনি চামেলি’খ্যাত বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ আজ স্পর্শ করলেন জীবনের ৪৩ বসন্ত। ১৯৮৩ সালের এই দিনে (১৬ জুলাই) হংকংয়ে জন্মগ্রহণ করেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। জন্মের পর বিভিন্ন দেশে বসবাস করা এই তারকার পুরো নাম ক্যাটরিনা টারকোটে। তবে তিনি ক্যাটরিনা কাইফ নামেই বলিউডে পরিচিতি পেয়েছেন। তার আরও ৭ ভাইবোন রয়েছে। হিন্দি ছবির পাশাপাশি তেলেগু এবং মালায়ালাম ছবিতেও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ।
'বি' গ্রেডের ছবি দিয়ে বলিউড যাত্রা করলেও ক্যাটরিনা কাইফ এখন চলচ্চিত্র শিল্পটির সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রীদের একজন। ২০০৫ সালে সালমানের সঙ্গে 'ম্যায়নে পেয়ার কিউ কিয়া'র পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। নানা ঝড়-ঝাপ্টা সামাল দিয়ে 'নমস্তে লন্ডন', 'আপনে', 'ওয়েলকাম', 'সিং ইস কিং', 'নিউ ইয়র্ক', 'এক থা টাইগার', 'জাব তাক হ্যায় জান'-এর মতো ছবি দিয়ে দর্শকদের বিনোদিত করেছেন।
শুধু অভিনয় নয়, একের পর আইটেম ডান্সেও তাক লাগিয়েছেন ক্যাটরিনা কাইফ ৷ তার ক্যারিয়ার জীবনে উপহার দিয়েছেন 'কমলি' থেকে 'কালা চশমা' আইটেম গান ৷ বর্তমানে স্বামী ভিকি কৌশল ও একমাত্র সন্তানকে নিয়েই বেশি ব্যস্ততা তার।