আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুতের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার হার্ড কপি ও সফট কপি পাঠাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট শাখায় বাহক মারফত চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা পাঠাতে হবে। তালিকার হার্ড কপির পাশাপাশি সফট কপিও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট। এ তালিকার বিষয়ে দাবি ও আপত্তি জানানোর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। এরপর ২৩ আগস্টের মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে।
সব প্রক্রিয়া শেষে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৭ আগস্ট।
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ বিষয়ে বলেন, আমরা আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছি। সচিবালয় থেকে মাঠ কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
ভোটকেন্দ্রের তালিকা ভোট গ্রহণের ২৫ দিন পূর্বে প্রকাশের বিষয়ে তিনি বলেন, আমরা ২৭ আগস্ট প্রকাশের জন্য বলেছি। তার মানে এই নয় যে সেপ্টেম্বরে ভোটের কোনো ইঙ্গিত আছে। এই তারিখটা আমরা ৩০ দিন আগেও দিতে পারি। কথা হচ্ছে অন্তত ২৫ দিন আগে আমরা প্রকাশ করবো।