ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সারহি কোরেৎসকিকে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। সর্বশেষ সরকারি পুনর্গঠনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পার্লামেন্ট ভেরখোভনা রাদার অধিবেশনে কোরেৎসকির পক্ষে ২৮৯ জন আইনপ্রণেতা ভোট দেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর পদে তাঁর নিয়োগ চূড়ান্ত হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সপ্তাহের শুরুতে কোরেৎসকির নাম প্রধানমন্ত্রীর জন্য মনোনয়ন দেন। এর আগে প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো পদত্যাগ করেন। গত সপ্তাহান্তে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন জেলেনস্কি।
রবিবার সভিরিদেঙ্কোর সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বলেন, 'শীতকালীন প্রস্তুতি এখন আমাদের অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার। সম্ভাব্য সব ধরনের হুমকি মোকাবিলায় ইউক্রেনকে প্রস্তুত থাকতে হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোর সংস্কার দ্রুত এগিয়ে নিতে হবে, কারণ দেশের স্থিতিশীলতা অনেকাংশেই এসব প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। পাশাপাশি পুনর্গঠন কার্যক্রমে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে হওয়া চুক্তিগুলোকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।'
তিনি আরও জানান, 'হালনাগাদ রাজনৈতিক কৌশল বাস্তবায়নের জন্যই সরকারে জনবল পরিবর্তন শুরু করা হচ্ছে।' একই সঙ্গে তিনি বলেন, ইউলিয়া সভিরিদেঙ্কোকে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের নতুন দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়েছে।
২০২৫ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া ইউলিয়া সভিরিদেঙ্কোর পদত্যাগ মঙ্গলবার পার্লামেন্টে অনুমোদিত হয়। ইউক্রেনের আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদত্যাগ অনুমোদনের সঙ্গে সঙ্গে পুরো মন্ত্রিসভাও বিলুপ্ত হয়ে যায়।
পার্লামেন্টের স্পিকার রুসলান স্টেফানচুক জানান, মঙ্গলবারই প্রেসিডেন্ট জেলেনস্কি আনুষ্ঠানিকভাবে সারহি কোরেৎসকির নাম প্রধানমন্ত্রীর পদে অনুমোদনের জন্য পার্লামেন্টে পাঠান।
এদিকে, বৃহস্পতিবারই কোরেৎসকির নতুন মন্ত্রিসভার সদস্যদের অনুমোদনের জন্য পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সারহি কোরেৎসকি ২০২৫ সালের মে মাস থেকে ইউক্রেনের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি নাফতোগাজ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।