অবৈধ রিং ও চায়না দুয়ারি জাল আগুনে ধ্বংস

পটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে পরিচালিত যৌথ অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ রিং ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর, নৌপুলিশ ফাঁড়ি ও থানা পুলিশের সমন্বয়ে নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নদীতে পেতে রাখা বিপুল পরিমাণ অবৈধ রিং ও চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরে উপজেলা মৎস্য অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা, নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরদাউস, উপজেলা মৎস্য অফিসের উপসহকারী মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এবং নৌপুলিশ ও থানা পুলিশের সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অসাধু জেলেরা রিং ও চায়না দুয়ারিসহ বিভিন্ন নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করছে। এতে মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং নদীর মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছে। নদীর জীববৈচিত্র্য ও মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।