অজ্ঞান হয়ে টয়লেটে আটকে ছিল স্কুলছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলায় একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে দীর্ঘক্ষণ আটকে ছিল সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের মাধ্যমে তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের টয়লেট থেকে তাকে উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান। 

আনোয়ার সাত্তার বলেন, বৃহষ্পতিবার দুপুর ২টা ২৩ মিনিটের দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন পোস্তগোলা থেকে নিগার সুলতানা নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। তিনি জানান, যাত্রবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের বাথরুমের দরজা দীর্ঘসময় যাবৎ ভেতর থেকে বন্ধ আছে, একজন ছাত্র ভেতরে আছে কিন্তু অনেকক্ষণ তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।

৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। সংবাদ পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে অজ্ঞান হয়ে আটকে থাকা ৭ম শ্রেণির শিক্ষার্থী নিরব বিশ্বাসকে (১৪) উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জানা যায়, সে টয়লেটের ভেতর অজ্ঞান হয়ে গিয়েছিল।

এ বিষয়ে উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ার্দার জানান, খবর পাওয়ার পরপরই তাদের টিম ঘটনাস্থলে ছুটে যায়। দ্রুত দরজা ভেঙে ভেতরে থাকা শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হওয়ায় একটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে।