খুলনায় উৎসবমুখর পরিবেশে জগন্নাথদেবের রথযাত্রার উদ্বোধন

খুলনায় উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় নগরীর গোলকমনি শিশু পার্কে এই রথযাত্রা উৎসবের উদ্বোধন করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম, সেবা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে।’ উৎসবমুখর পরিবেশে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণ করায় তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি আরও বলেন, ‘আপনারা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে।’

খুলনা মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সার্বিক পরিচালনায় এবং সত্যনারায়ণ মন্দির, টুটপাড়া গাছতলা মন্দির ও ইসকন খুলনার যৌথ আয়োজনে এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্ত এবং ইসকনের খুলনা বিভাগীয় সভাপতি গৌড়েশ্বর নিমাই দাস ব্রহ্মচারী।

খুলনা মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— সংগঠনের সাবেক সভাপতি গোপী কিষাণ মুন্দ্রা, যশোর শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র ও সরকারি আজম খান কমার্স কলেজের প্রফেসর তারক চাঁদ ঢালীসহ অনেকে।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় হাজার হাজার ভক্ত রথের দড়ি টেনে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জোড়াগেট 'প্রেম কানন'-এ এসে সমবেত হন। সেখানে সমবেত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

জোড়াগেট প্রেম কাননে ৯ দিন রথ অবস্থান করার পর আগামীতে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।