নাহিদ ইসলাম বললেন

শুধু ঘোষণা নয় বিচারের রায় কার্যকর দেখতে চায় মানুষ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচারের শুধু রায় ঘোষণা নয়, বরং সেই রায় দ্রুত কার্যকর বাস্তবায়ন দেখতে চায় দেশের মানুষ। তিনি বলেন, জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় হলেও তা এখনো কার্যকর হয়নি। তাই আপিল প্রক্রিয়া দ্রুত শেষ করে রায় কার্যকর করতে হবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত শেষে এ সব কথা বলেন তিনি।

শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘রায় অনেক হয়েছে, জনগণ রায়ের কার্যকর বাস্তবায়ন দেখতে চায়। আমরা আশা করব, সরকার দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে। তাহলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন।’

গণভোটের রায়ের সঙ্গে সরকার বিশ্বাসঘাতকতা করেছে উল্লেখ করে তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু সরকার সেই রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করেছে এবং সেই রায় তারা কার্যকর করছে না।

জুলাই সনদ বাস্তবায়নের নামে সরকার কেবল মৌখিক প্রতারণা করছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ তারা মুখে মুখে বাস্তবায়ন করবে বলছে, এটি কেবলই তাদের মুখের কথা। তারা ৩১ দফার সঙ্গেও প্রতারণা করেছে। তারা বলেছিল, সংবিধান সংস্কার কমিশন করবে, কিন্তু সেটি তারা করেনি। তিনি বলেন, গণভোটের গণরায়, সেই গণরায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে। এ দেশের দুর্নীতি ও বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গঠন করতে হবে।

কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজ-খবর নেন এনসিপি নেতারা। এ সময় এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।