জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান না হলে তিনি বিরোধীদলীয় নেতা এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না। তিনি বলেন, গণভোটের বিষয়টি সংসদে সমাধান না হলে, রাজপথে এর সমাধান হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে শহীদ আবু সাঈদসহ সব শহীদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘২৪-কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন? ২৪ না হলে আমি বিরোধীদলীয় নেতা হতে পারতাম না। অনুরূপভাবে তারেক রহমানও প্রধানমন্ত্রী হতে পারতেন না।’ অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা যখন সংসদে বিষয়গুলো তুলে ধরি, তখন বলা হয় এগুলো সংসদের বাইরের ব্যাপার। কিন্তু আমাদের আঘাত করা হয় আধা শতাব্দী আগের বিষয় নিয়ে।’ বিরোধীদলীয় নেতা বলেন, তারা (সরকার) জুলাই অভ্যুত্থানে আহত ও পঙ্গু ব্যক্তিদের জন্য কার্যকর কিছু করতে পারেননি। তবে সরকার পারে এবং এ জন্য তারা বাজেট সেশনে দুবার এ দাবি উত্থাপন করেছেন বলে জানান। শফিকুর রহমান বলেন, ‘রাষ্ট্র যদি তাদের (জুলাই অভ্যুত্থানে আহত ও পঙ্গু) না দেখে, তাহলে এই রাষ্ট্র হবে অভিশপ্ত, অকৃতজ্ঞ রাষ্ট্র, নিমক হারাম রাষ্ট্র। আমরা আশা রাখতে চাই, যেই রাষ্ট্র নিমক হারামি করবে না, তাদের সঙ্গে।’
তিনি বলেন, ‘আমরা জনগণের রায়ের পক্ষে আছি এবং গভীরভাবে আস্থা রাখি, এই ৭০ শতাংশ ভোট বৃথা যাবে না। এই গণরায় বাস্তবায়ন হবে। সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে।’ শফিকুর রহমান বলেন, সংসদে আমাদের অনেক সংবিধান শেখানো হয়। অবৈতনিক কিছু শিক্ষক আছেন, হাবভাব যে, দুনিয়ার সবকিছু উনারা বোঝেন। আমি একটু জিজ্ঞেস করতে চাই, ‘সংবিধান সংশোধন কমিটি’ নামে কোনো কমিটি কোনো বিধিতে সংবিধানে আছে কি না?