আইস্ক্রিনের পর্দায় এলপিএল

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পর্দা উঠছে আজ। উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে জাফনা কিংস ও গল গ্যালান্টস। এই দুই দলের হয়ে বাংলাদেশের ৪ ক্রিকেটার খেলবেন। সব মিলিয়ে এবারের আসরে বাংলাদেশের ৫ জন ক্রিকেটার দল পেয়েছেন। এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন।

এলপিএলে অংশ নিতে গতকাল বাংলাদেশের দুজন ক্রিকেটার শ্রীলঙ্কায় গেছেন। এদের মধ্যে মেহেদী হাসান মিরাজ গল গ্যালান্টসে ও হাসান মাহমুদ কলম্বো ক্যাপসের হয়ে খেলবেন। মিরাজের সঙ্গে একই দলে খেলার কথা ছিল উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। লিটনের পরিবর্তে আরেক বাংলাদেশি উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে দলে নিয়েছে গল গ্যালান্টস। তবে আজ দলটির হয়ে মাঠে নামতে পারবেন না সোহান। জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ে সফরে আছেন তিনি। ১৯ জুলাই সফর শেষ করে সরাসরি এলপিএল খেলতে যাওয়ার কথা তার। একই কারণে জাফনা কিংসের হয়ে আজ মাঠে নামতে পারবেন না তাসকিন আহমেদও। বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার নাফীস ইকবাল জিম্বাবুয়ে থেকে মুঠোফোনে বলেন, ‘সোহানেরটা আমি এখনো নিশ্চিত করে বলতে পারছি না। তবে তাসকিন সিরিজ শেষ করে এখান থেকে সরাসরি শ্রীলঙ্কায় যাবে। হয়তো সোহানও সেটাই করবে।’