ইতিহাসের দীর্ঘতম ফাইনাল
বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো সুপার বোলের আদলে দীর্ঘ হাফটাইম শোর আয়োজন করছে ফিফা। আগামী রবিবার যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে আর্জেন্টিনা-স্পেনের ফাইনালে নির্ধারিত ১৫ মিনিটের বিরতি বাড়িয়ে প্রায় দ্বিগুণ, অর্থাৎ ৩০ মিনিট করা হতে পারে বলে জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম মিরর ফুটবল। এ সময় সমাপনী অনুষ্ঠানে ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার, বিটিএস, বার্না বয়, কোল্ডপ্লের ফিচারিংয়ে পিএস২২ কোরাসসহ একাধিক তারকার অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ বিরতি নিয়ে সমালোচনা হলেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একে ফুটবল ও সংগীতের যুগান্তকারী মেলবন্ধন হিসেবে বর্ণনা করেছেন।
ম্যাচ শেষে মারামারি
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। আটলান্টায় ২-১ গোলে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার সমর্থকরা মেসি-ম্যারাডোনার ছবি নিয়ে উদযাপন করেন এবং ইংল্যান্ডের সমর্থকদের উদ্দেশে সেøাগান দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। দুই দলের কয়েকজন সমর্থককে আটক করা হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, মেসির জার্সি পরিহিত এক আর্জেন্টাইন সমর্থককে পুলিশ সদস্যরা ধরে নিয়ে যাচ্ছেন। দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতির আগে মাঠের লড়াইও উত্তেজনা ছড়ায়। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলোয়াড়রা বেশ কয়েকবার বাগ্বিতণ্ডায় জড়ান।
জন্মভূমিকে হারানোয় সম্মান
বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সকে হারানোর পর স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তেকে ব্যতিক্রমী ‘গার্ড অব অনার’ দিয়ে সম্মান জানান তার সতীর্থ ও কোচিং স্টাফের সদস্যরা। ফ্রান্সে জন্ম নেওয়া লাপোর্তে দীর্ঘদিন দেশটির বয়সভিত্তিক দলে খেললেও জাতীয় দলে নিয়মিত সুযোগ পাননি। পরে বাস্ক বংশোদ্ভূত হওয়ায় স্পেনের নাগরিকত্ব গ্রহণ করে ২০২১ সালে লা রোজার জার্সি গায়ে তোলেন। এরপর ইউরো ও বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। সর্বশেষ সেমিফাইনালে জন্মভূমি ফ্রান্সের আক্রমণভাগকে কার্যত নিষ্ক্রিয় রেখে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ম্যাচ শেষে সতীর্থরা তাকে এই বিশেষ সম্মান জানান।
ফিফার কাছে দাবি
বিশ্বকাপ ফাইনালের স্মারক হিসেবে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের মাঠের ঘাস বিক্রির উদ্যোগ নিয়েছে ফিফা। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, এ থেকে প্রায় ১ কোটি ১২ লাখ মার্কিন ডলার আয় হতে পারে সংস্থাটির, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১৩৭ কোটি ৪৬ লাখ টাকা। প্রতিটি ঘাসের টুকরোর দাম রাখা হয়েছে ৪৫০ থেকে ৩ হাজার ডলার পর্যন্ত। প্রিমিয়াম প্যাকেজে থাকবে মাঠের ঘাস, স্মারক টিকিট, ফাইনালের বলের ক্ষুদ্র প্রতিরূপ এবং বিশ্বকাপ ট্রফির ক্রিস্টাল রেপ্লিকা। এদিকে নিউজার্সির ডেমোক্র্যাট গভর্নর মিকি শেরিলের কার্যালয় জানিয়েছে, ফিফা যদি এভাবে কোটি কোটি ডলার আয়ের পরিকল্পনা বাস্তবায়ন করে, তবে সেই আয়ের দাবিদার নিউজার্সিও।