আজ সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের

ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মধ্যে সিরিজ বলেই হয়তো আলোচনা নেই। না হলে জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে এমন ভরাডুবির কারণে বাংলাদেশ দলের ক্রিকেটারদের মু-ুপাত শুরু করে দিতেন সমর্থকরা। ৫ বছর পর সে দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়ে হারের বৃত্তে আটকে গেছেন তাওহিদ হৃদয়রা। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৪টিতে হেরেছে সফরকারীরা। একমাত্র টেস্ট আড়াই দিনে হারের পর ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ দল। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও একই পরিণতি। ঘুরে দাঁড়াতে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নামবেন হৃদয়রা। বুলাওয়েতে এটি সিরিজ বাঁচানোর লড়াই তাদের। অন্যদিকে জিম্বাবুয়ের চাওয়া, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করা।

যদিও এই সংস্করণে দুই দলের বিস্তর ফারাক। শক্তিমত্তা বা বর্তমান অবস্থানে এগিয়ে বাংলাদেশ। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে যেখানে হৃদয়দের অবস্থান ৮ নম্বরে, সেখানে জিম্বাবুয়ে আছে ১২ নম্বরে। পরিসংখ্যানেও স্পষ্ট এগিয়ে বাংলাদেশ। শেষ চার সিরিজের তিনটি জিতেছে দলটি। সর্বশেষ সিরিজে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। এখন পর্যন্ত দুই দলের ২৬ বারের লড়াইয়ে ১৭টিতে জিতেছে বাংলাদেশ, জিম্বাবুয়ের জয় ৯টি। তবে এবার মাঠের লড়াইয়ে পেরে উঠছেন না সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টিতে ১৭১ রান টপকাতে নেমে ৩২ রানে হারেন হৃদয়রা।

ব্যাটাররা বারবার একই ভুল করলেও শিক্ষা নিচ্ছে না বলে অভিযোগ করেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ‘আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য মাঠে নামি। তবে ব্যাটসম্যানদের আরেকটু কৌশলী হতে হবে, বিশেষ করে নির্দিষ্ট কয়েকজন বোলারের বিপক্ষে। তাহলেই আমরা ভালো করতে পারব। কিন্তু আমরা নিয়মিত একই ভুল করে যাচ্ছি। এর মানে, আমরা ভুল থেকে শিক্ষা নিচ্ছি না। পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতেই হবে।’

জিম্বাবুয়েতে প্রায় ৩ সপ্তাহ কাটিয়ে দিলেও এখনো সেখানকার কন্ডিশনের সঙ্গে ক্রিকেটাররা ঠিকঠাক মানিয়ে নিতে পারেননি বলেই ইঙ্গিত দিলেন সালাউদ্দিন, ‘এটা একটা লম্বা সফর। এরই মধ্যে আমরা ২০-২৫ দিন পার করে ফেলেছি। কন্ডিশনের সঙ্গে তাই মানিয়ে নেওয়া জরুরি। যদি বলা হয় যে আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারছি না, তবে সেটা আমাদের জন্য মোটেও ভালো কোনো লক্ষণ নয়। ব্যাটার হিসেবে যত দ্রুত সম্ভব এই কন্ডিশনে মানিয়ে নিতে হবে। তবে আশা করি, পরের ম্যাচে ছেলেরা দারুণভাবে ঘুরে দাঁড়াবে।’