পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নাগরিকদের সচেতন করার লক্ষ্যে ময়মনসিংহে পরিবেশভিত্তিক পথনাটক ‘আবর্জনা’ মঞ্চস্থ হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ময়মনসিংহ সিটি করপোরেশন প্রাঙ্গণে ময়মনসিংহ নগর যুব কাউন্সিলের উদ্যোগে এবং ময়মনসিংহ সিটি করপোরেশন ও সিরাক-বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, মহাব্যবস্থাপক (পরিবহন) মোহাম্মদ রাজীব-উল-আহসান, সিরাক-বাংলাদেশের নেটওয়ার্ক অফিসার মো. কামরান মিয়া, ময়মনসিংহ নগর যুব কাউন্সিলের সদস্যবৃন্দ এবং সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
পথনাটকের মাধ্যমে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরা হয়। নাটকে যেখানে-সেখানে আবর্জনা ফেলা, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক অসচেতনতার কারণে নগরের পরিবেশ, জনস্বাস্থ্য ও জীবনমানের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ে, তা বাস্তবধর্মীভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং পরিচ্ছন্ন নগর গঠনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার বার্তাও দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, ‘পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণ, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধিতে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের জনসম্পৃক্ত সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
তিনি আরও জানান, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ময়মনসিংহ নগর যুব কাউন্সিলের পাশে ভবিষ্যতেও থাকবে ময়মনসিংহ সিটি করপোরেশন।
‘শহর যদি হয় পরিষ্কার, সুস্থ থাকবে পরিবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত পথনাটকটি রচনা করেন ময়মনসিংহ নগর যুব কাউন্সিলের সদস্য সজিব হাসান সানি। নির্দেশনা দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম রবিন। নাটকে অভিনয় করেন রবিন মিয়া, মিনহাজুল ইসলামসহ ময়মনসিংহ নগর যুব কাউন্সিলের সদস্যরা।