টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৮ জন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা থেকে দিবাগত রাত পর্যন্ত উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর-থলপাড়া এলাকা ও বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
মৃতরা হলেন উপজেলার ফতেপুর ইউনিয়নের জিকুল, সাজ্জাদ ও বহুরিয়া ইউনিয়নের সুশান্ত রাজবংশী।
ঘটনাসূত্রে জানা গেছে, বৃহস্পতিবারগাজীপুরের ভাওয়াল মির্জাপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া জমিদার বাড়িতে নৌভ্রমণে আসেন ৪০ জনের একটি দল। সন্ধ্যার পর তারা মির্জাপুর থেকে গাজীপুরের উদ্দেশে যাত্রা করে বংশাই নদীর চাকলেশ্বর-থলপাড়া অতিক্রম করার সময় নদীর ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে নৌকার ওপরে থাকা কয়েকজন জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হলে তাদেরকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া অংশের নদীতে মাছ ধরতে গিয়ে ঝুঁলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক জেলে নিখোঁজ হয়। পরে শুক্রবার (১৭ জুলাই) সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।
এবিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।