গুগল ভিডস আপডেট

একটি সেলফি, একটি কণ্ঠ—তাতেই তৈরি হবে আপনার এআই অবতার

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ভিডিও তৈরির প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করেছে গুগল। প্রতিষ্ঠানটি তাদের গুগল ভিডস প্ল্যাটফর্মে এমন একটি সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা একটি সেলফি এবং নিজের কণ্ঠের রেকর্ডিং আপলোড করে নিজের মতো দেখতে ও কথা বলতে পারে এমন একটি ডিজিটাল এআই অবতার তৈরি করতে পারবেন।

এর পাশাপাশি গুগল জেমিনি ওমনি নামের তাদের মাল্টিমোডাল এআই মডেলও গুগল ভিডসে যুক্ত করেছে। এই প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীরা লিখিত নির্দেশনা (প্রম্পট) এবং রেফারেন্স ছবি একসঙ্গে ব্যবহার করে সহজেই পছন্দমতো এআই ভিডিও তৈরি করতে পারবেন। জেমিনি ওমনি এসব তথ্য বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করবে।

MixCollage-17-Jul-2026-04-20-PM-5331

শুধু নতুন ভিডিও তৈরি নয়, বিদ্যমান ভিডিও সম্পাদনার কাজও আরও সহজ হবে। স্মার্টফোনে ধারণ করা ভিডিওর পেছনের দৃশ্য পরিবর্তন, আলোর মান ঠিক করা কিংবা বিভিন্ন ভিজ্যুয়াল ইফেক্ট যুক্ত করার মতো কাজও করা যাবে এআইয়ের সহায়তায়। সবচেয়ে বড় সুবিধা হলো, ভিডিও সম্পাদনার সময় ধাপে ধাপে পরিবর্তন আনা যাবে। ফলে সামান্য কোনো সংশোধনের জন্য পুরো ভিডিও নতুন করে তৈরি করতে হবে না।

নতুন এই আপডেটের ফলে গুগল ভিডস আর কেবল কর্মক্ষেত্রের উপস্থাপনা তৈরির এআই সহকারী হিসেবে সীমাবদ্ধ থাকছে না, এটি ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ভিডিও নির্মাণ প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে। গুগল ওয়ার্কস্পেসের অংশ হিসেবে এটি মূলত প্রতিষ্ঠানের ঘোষণা, প্রশিক্ষণ ভিডিও এবং অফিসের অভ্যন্তরীণ যোগাযোগের কাজে ব্যবহারের লক্ষ্যেই তৈরি করা হয়েছে। তবে ব্যক্তিগত এআই অবতার এবং কথোপকথনের মাধ্যমে ভিডিও সম্পাদনার সুবিধা যুক্ত হওয়ায় এটি হেইজেন, সিন্থেশিয়া, ক্যাপশনস ও ডি-আইডি–এর মতো এআই ভিডিও নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে পারে।

গুগল জানিয়েছে, ব্যক্তিগত এআই অবতার ব্যবহারকারীর নিজস্ব পরিচয়ের সঙ্গেই সংযুক্ত থাকবে এবং তা তার গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। পাশাপাশি প্রতিটি ভিডিওতে অদৃশ্য সিন্থআইডি ওয়াটারমার্ক যুক্ত করা হবে, যাতে কনটেন্টের সত্যতা নিশ্চিত করা যায় এবং অপব্যবহারের ঝুঁকি কমে।

প্রতিষ্ঠানটি জানায়, ব্যক্তিগত এআই অবতার ব্যবহারের সুবিধা আপাতত নির্দিষ্ট কিছু অঞ্চলের ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকবে।