বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। কোনো দুর্গত মানুষকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (১৭ জুলাই) উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে  বন্যার্ত ৫'শ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অর্থমন্ত্রী বলেন, বন্যায় সাতকানিয়ায় ক্ষতির পরিমাণ ব্যাপক। সরকার সবগুলো ক্ষতিপূরণের জন্য প্রস্তুত রয়েছে। যেসকল রাস্তাঘাট,কৃষি জমি, মৎস খামার, বিদ্যালয়, বসতঘর বন্যায় ক্ষতি হয়েছে সরকার সঠিক তালিকার মাধ্যমে এই সংকট কাটিয়ে তুলবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নিজামুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দীন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ও মুজিবুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিনসহ সরকারি ও বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ত্রাণ কার্যক্রম জোরদার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন।