নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন গ্রহণের সময়সীমা আগামী ৩১ জুলাই পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে যেসব যোগ্য নাগরিক এখনো ভোটার হিসেবে নিবন্ধিত হননি, তারা আগামী ১৫ দিনের মধ্যে আবেদন করতে পারবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ১৮ বছর বা তার বেশি বয়সী যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী ব্যক্তিরা যদি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেন, তাহলে তারা স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটকেন্দ্র চূড়ান্ত করার কাজও শুরু করেছে ইসি। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর আপত্তি গ্রহণ ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এ-সংক্রান্ত নির্দেশনা সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সইয়ে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে ৯ আগস্ট। ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে এ তালিকা প্রদর্শন করা হবে। তালিকায় কারও নাম বাদ পড়লে বা তথ্যগত কোনো ভুল থাকলে ২৪ আগস্ট পর্যন্ত নতুন করে অন্তর্ভুক্তি কিংবা তথ্য সংশোধনের আবেদন করা যাবে। এসব আবেদন নিষ্পত্তির পর ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।