প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারি ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বগুড়া যা ঝালকাঠিও তাই, বাংলাদেশের আমাদের সবার।
তিনি বলেন, ১৭ বছর গোপালগঞ্জের গল্প আমাদের প্রচুর দেখানো হয়েছে। ইনশাআল্লাহ এই গল্পের আর পুণরাবৃত্তি হবে না। শুধু বগুড়ার কোন গল্প নাই। বগুড়া যা ঝালকাঠিও তাই, ঢাকাও তাই। এটি প্রধানমন্ত্রীর কথা। বাংলাদেশটা আমাদের সবার, এখানে কোনো জেলাভেদ নেই।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি শহরের গুরুধাম এলাকায় নদী ভাঙন পরিদর্শনকালে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এ সব কথা বলেন।
তিনি বলেন,একটা সময় শুধু গোপালগঞ্জেই বেশি উন্নয়ন হয়েছে এখন দেশের সকল জেলায় সমানভাবে উন্নয়ন হবে। জনগণের স্বার্থ রক্ষায় সরকার সব সময়ই আন্তরিক। তাই অতীতকে ভুলে গিয়ে দেশের স্বার্থে সকলের একযোগে কাজ করতে হবে।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা, ঝালকাঠি জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও প্রেসক্লাবে সভাপতি সাংবাদিক অ্যাডভোকেট আক্কাস শিকদার, ব্যক্তিগত সহকারি উপসচিব মো. ওবায়দুল ইসলাম, আবু তাহের লিটন আকনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।