ভিন্ন দুই সমীকরণ নিয়ে আজ মাঠে নেমেছে জিম্বাবুয়ে-বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিতে এগিয়ে আছেন সিকান্দার রাজারা। বুলাওয়েতে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে স্বাগতিকরা। অন্যদিকে সফরকারিদের লক্ষ্য সিরিজে টিকে থাকা। এজন্য আজ জিততেই হবে তাওহিদ হৃদয়দের।
এমন সমীকরণ নিয়ে খেলতে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ফিফটির সঙ্গে শেষ ওভারে ব্র্যাড ইভান্সকে ৪টি ছক্কা হাকানো মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটিং ঝড়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের পুঁজি পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। তামিম-সাইফ যোগ করেন ১২০ রান। যা বাংলাদেশের ওপেনিং জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান। তবে ভাগ্য সহায় ছিল তাদের। সাইফ একাই ৫ বার জীবন পান। এর মধ্যে ৩ বারই এই ওপেনারের ক্যাচ ছাড়েন মিল্টন শুম্বা! তবে এতবার সুযোগ পেয়েও নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি তিনি। ফিফটি পূর্ণ করলেও ৪৫ বলে ৫৫ রানে আউট হন সাইফ।
ওপেনিং জুটি ভাঙলে বাংলাদেশের ব্যাটিং বিভাগে ধস নামে। ২১ রানের মধ্যে হারায় ৫ উইকেট। সাইফের পরের ওভারে আউট হন তামিম। ফিফটি করে তিনিও নিজের ইনিংসটাকে বেশি বড় করতে পারেননি। থামেন ৪৪ বলে ৫৮ রানে। এরপর একে একে সাজঘরে ফেরেন হৃদয় (৬), পারভেজ হোসেন (১) ও নুরল হাসান সোহান (৪)।
তবে প্রথম টি-টোয়েন্টি মতো আজও হাল ধরেন ইয়াসির আলী রাব্বি। শেষ দিকে তার ১২ বলে ২২ রানের ঝোড়ো ইনিংসের সঙ্গে শেষ ওভারে ইভান্সকে ৪ ছক্কা হাকানো সাইফউদ্দিনের ১০ বলে অপরাজিত ৩১ রানের সৌজন্যে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বাংলাদেশ। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে কোনো নির্দিষ্ট ওভারে চারটি ছক্কা হাঁকানোর কীর্তি সাইফউদ্দিনের।