প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এ সময়ে সাংবাদিকদেরও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার গুরুত্বপূর্ণ সহায়ক প্রযুক্তি। তাই এসব প্রযুক্তির দক্ষ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই করা অপরিহার্য।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রাজশাহীর সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন তিনি।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে ফারুক ওয়াসিফ বলেন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে।
এআই ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার সহায়ক প্রযুক্তি। তাই এগুলোর দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের জন্য প্রতিটি তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই অপরিহার্য। ভুয়া তথ্য ও গুজব মোকাবেলায় সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি পেশাগত নৈতিকতাও আরও সমৃদ্ধ করতে হবে।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, দৈনিক রাজশাহীর সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ সাংবাদিক অংশ নেন।