জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার: বিদ্যুৎ মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনস্বার্থ বিবেচনায় ৭৫ ইউনিট পর্যন্ত  বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ ও সেলাই মেশিন বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও উচু-নিঁচু-বেঞ্চ বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন ও কর্মসূচির আওতায় এ সব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি। এ সময়ে  তিনি তার বক্তব্যে বলেন, জনস্বার্থ বিবেচনায় ৭৫ ইউনিট  পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে চায়। এ জন্য সকলের সহযোগিতার প্রয়োজন। নতুন প্রজন্মকে সুশিক্ষা অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সুষ্ঠু সমাজ গঠনে কাজ করতে হবে। শিক্ষকরা যেন সুশিক্ষা দেন আর অভিভাবকরা সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। কৃষকরা যেনো ন্যায্যমূল্যে পায় সেদিকে সবার নজর রাখতে হবে। ১০'হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনে লক্ষ নিয়েছে সরকার। প্রতিটি বাড়ির ছাদে সোলার বসানোর জন্য আমরা কাজ করছি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান।

এ অনুষ্ঠানের আগে বিদ্যুৎ মন্ত্রী সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন (সম্প্রসারিত) ও হলরুমে উদ্বোধন করেন।