গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায় হামাসের এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

শুক্রবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, শুক্রবার চালানো এক অভিযানে আনাস মাহমুদ আহমেদ হামদান নিহত হন। তাকে হামাসের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করেছে ইসরায়েল।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, হামদান গাজা উপত্যকায় আটক ব্যক্তিদের ব্যবস্থাপনা ও তাদের ইসরায়েলে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তাকে হামাসের একজন ‘কেন্দ্রীয় ব্যক্তি’ বলেও উল্লেখ করা হয়েছে।

তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।