ফরিদপুরে পাটখেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের লোকমান খান ডাঙ্গি এলাকায় একটি পাটখেত থেকে ইউসুফ ফকির (৪৭) নামে এক ভুসিমাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ইউসুফ ফকির গত ১৬ জুলাই সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। তিনি মমিন খাঁর হাটের একজন পরিচিত ভুসিমাল ব্যবসায়ী। তাকে খুঁজে না পেয়ে তার ভাতিজা সাইফুল ইসলাম শুক্রবার (১৭ জুলাই) কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় কৃষক মজিবর সিকদার নিজের পাটখেতে কাজ করতে গিয়ে ইউসুফ ফকিরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা খবর পেয়ে পরিবারের সদস্যদের সাথে নিয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানিয়েছে, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত পরীক্ষা করা হবে।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।