ত্রাণ প্রতিমন্ত্রী

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবারের নজরদারি জরুরি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন বলেছেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবারের নজরদারি জরুরি।

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের পাশাপাশি পরিবারকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সন্তানদের চলাফেরা, অভ্যাস ও বন্ধুবান্ধবের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার কথা জানিয়েছেন।

শনিবার (১৮ জুলাই) ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে মাদকের ভয়াবহতা সম্পর্কে যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

রাষ্ট্রের নাগরিকদের সঠিকভাবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি পরিবারের দায়িত্বও গুরুত্বপূর্ণ উল্লেক করে তিনি বলেন, পরিবার থেকেই একজন শিশুর মূল্যবোধ, নৈতিকতা ও ভালো অভ্যাসের ভিত্তি তৈরি হয়। তাই সন্তানদের প্রতি অভিভাবকদের সচেতন দৃষ্টি রাখা প্রয়োজন।

প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সমাজ থেকে মাদক নির্মূল করা একটি আদর্শ রাষ্ট্র বিনির্মাণের অংশ। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় একাদশ ও সাংবাদিক একাদশের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।