আর্জেন্টিনার বিরুদ্ধে 'নোংরা কৌশলের' অভিযোগ স্পেন ডিফেন্ডারের

বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে মাঠের ভেতর 'নোংরা কৌশল' ও গোলমেলে আচরণের গুরুতর অভিযোগ এনেছেন স্পেনের ডিফেন্ডার এমেরিক লাপোর্তে। তার দাবি, রেফারিরা আর্জেন্টিনার এই ধরণের আচরণকে প্রশ্রয় দিচ্ছেন, যা ফুটবল মাঠে একেবারেই কাম্য নয়। একইসঙ্গে ফাইনাল ম্যাচের স্লোভেনীয় রেফারি স্লাভকো ভিনসিক যদি শুরুতেই কঠোর না হন, তবে ম্যাচটি বিশৃঙ্খলার দিকে মোড় নিতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ী হওয়া ম্যাচটিতে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে নানা কৌশল অবলম্বন করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে শেষ ১৬-এর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে যাওয়ার পর মিশরের ম্যানেজার হোসাম হাসানও অভিযোগ করেছিলেন যে, ম্যাচ অফিশিয়ালরা আর্জেন্টিনার প্রতি বাড়তি সুবিধা দেখাচ্ছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা'-কে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তে বলেন, "ফুটবলের স্বাভাবিক আগ্রাসন নিয়ে আমার কোনো আপত্তি নেই। যদি সেটি নিয়মের মধ্যে থাকে এবং রেফারি নিজের কাজ ঠিকঠাক করেন, তবে কোনো সমস্যা নেই। কিন্তু সাম্প্রতিক ম্যাচগুলোতে আমরা এমন কিছু বিষয় দেখেছি যা আমাদের সত্যিই অবাক করেছে—এমন কিছু আচরণ যা সহজে পার পেয়ে যেতে দেওয়া হয়েছে।"

আর্জেন্টিনাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, "বিশেষ করে আর্জেন্টিনার কথা বলতে হয়; তারা প্রতিপক্ষ খেলোয়াড়দের ওপর আঘাত বা মানসিক চাপ তৈরি করতে পছন্দ করে। ফুটবলে এই ধরনের বিষয়গুলো মেনে নেওয়া উচিত নয়—বিশেষ করে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে। কারণ এগুলো আপনাকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারে এবং ক্ষিপ্ত করে তুলতে পারে। পরিস্থিতি যেন হাতের বাইরে চলে না যায়, তা নিয়ন্ত্রণ করা রেফারির কাজ।"

লাপোর্তে সতর্ক করে বলেন, "যদি দু-একজন খেলোয়াড়কে এভাবে পার পেয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তবে পুরো ম্যাচটিই বিশৃঙ্খলায় রূপ নেবে। টুর্নামেন্টের শুরু থেকেই আমরা (স্পেন) একটি পরিচ্ছন্ন দল হিসেবে খেলে আসছি। আমরা প্রতিপক্ষকে আঘাত করা বা বিপজ্জনক ফাউল করার মতো দল নই। ফাইনালেও আমাদের এই মানসিকতা নিয়েই নামা উচিত। তবে অবশ্যই, ম্যাচের অনেকখানি নির্ভর করবে রেফারি কেমন সিদ্ধান্ত নিচ্ছেন তার ওপর।"

এদিকে স্পেনের অধিনায়ক রদ্রিও তার সতীর্থদের আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনার যেকোনো ধরণের উস্কানি এড়িয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে। মাঠের ভেতরে উস্কানিমূলক পরিস্থিতির সৃষ্টি হলে যেন কোনো স্প্যানিশ খেলোয়াড় প্রতিক্রিয়া না দেখান, সে বিষয়ে সতর্ক করেছেন তিনি। রদ্রি বলেন, "এটা খেলারই অংশ। ম্যাচটি কীভাবে এগোয় তা আমাদের দেখতে হবে। আমি ইতিবাচকভাবে ভাবতে চাই যে তারা (আর্জেন্টিনা) তাদের সেরাটা দিয়েই খেলবে এবং এই ধরণের নোংরা পথ বেছে নেবে না। তবে পরিস্থিতি যদি তেমন দিকে যায়ও, আমাদের উস্কানিতে পা না দিয়ে নিজেদের খেলা ধরে রাখতে হবে।"