রাজধানীর দক্ষিণখান

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রের

রাজধানীর দক্ষিণখানে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিশির (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশির লক্ষ্মীপুর সদর উপজেলার সুমন রহমানের ছেলে। তার বাবা পেশায় বাস চালক। বর্তমানে দক্ষিণখান মোল্লারটেক তেঁতুলতলা এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকেন।

​তাকে হাসপাতালে নিয়ে আসা খালু গোলাম কিবরিয়া জানান, শনিবার সকাল সাড়ে দশটার দিকে দক্ষিণখানের মোল্লারটেক ধোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পায় সে।

​দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, স্থানীয় একটি স্কুলে আগে পড়ালেখা করলেও বর্তমানে কোনো কিছু করে না। মাঝেমাঝে বাবার বাসে হেল্পারি করত।

​ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।