মাঝখানে নানা কারণে অভিনয় থেকে দূরে থাকলেও এবার ওটিটির মাধ্যমে বিরতি ভাঙছেন চিত্রনায়িকা ও গায়িকা নুসরাত ফারিয়া। লাপাত্তা নামের এই ওয়েবফিল্মটি পরিচালনা করবেন মেহেদী হাসান হৃদয়। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার এই অভিনেত্রী।
পরিচালক জানান, প্রকল্পটির সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন শুধু শুটিং শুরু হওয়ার অপেক্ষা। আগামী মাস থেকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন শিল্পীরা। হৃদয় বলেন, 'এখন পর্যন্ত সবকিছুই চূড়ান্ত। এগুলো বেশ কিছুদিন আগেই ঠিক হয়ে গেছে। আগামী মাস থেকেই শুটিংয়ে নামব। এটি থ্রিলার ঘরানার ওয়েব ফিল্ম হলেও এতে কমেডির মিশেল থাকবে। দর্শকদের জন্য একেবারে নতুন ধরনের কিছু করার চেষ্টা থাকবে।'
জানা গেছে, আগামী আগস্টের মাঝামাঝিতে শুরু হবে 'লাপাত্তা'র শুটিং। কমেডি-থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করবেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়সহ আরও কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী। বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।