কক্সবাজারের টেকনাফের মহিষ আনতে গিয়ে নিখোঁজ হয়েছে শিশু আরাফাত। পরিবারের অভিযোগ, পাহাড়ি সন্ত্রাসীরা তাকে অপহরণ করেছে। তারা দ্রুত আরাফাতকে উদ্ধার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
নিখোঁজ আরাফাত (১১) উপজেলার বাহারছড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পুরানপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে।
বাহারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হোসেন বলেন, শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে আমার ভাইয়ের ছেলে আরাফাত প্রতিদিনের মতো বাড়ির মহিষ আনতে পাহাড়ের পাদদেশে যায়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজ করেও তার কোনো সন্ধান না পাওয়ায় তার পরিবার ধারণা করছেন, তাকে অপহরণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এখানে পাহাড়ি সন্ত্রাসীদের তৎপরতা রয়েছে। তারা বিভিন্ন সময় নিরীহ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায় এবং পরে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে।
এবিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. আবু সাঈদ জানান, স্থানীয় ইউপি সদস্য শফিউল কাদের তাদের বিষয়টি জানিয়েছেন। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মৌখিক বা লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ কিশোরকে উদ্ধারে কাজ চলছে।