রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

রাজধানীর বারিধারায় সড়ক দুর্ঘটনায় সেকেন্দার বকাউল (৭২) নামে পুলিশের  সাবেক এক সদস্যের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (১৮ জুলাই) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা মো. ইব্রাহিম জানান, তাদের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ থানার বাইশপুর গ্রামে। সেকেন্দার সাবেক পুলিশ সদস্য। অবসরের পর বারিধারায় নিরাপত্তা কর্মীর চাকরি নেন। থাকতেন সেখানেই। 

তিনি জানান, দুপুরে বারিধারার গেটেই রাস্তা পার হওয়ার সময় কোনো একটি গাড়ি তাকে চাপা দেয়৷ এতে তার মাথা থেতলে যায়। স্থানীয়রা উদ্ধার করে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল নিয়ে যান। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।