রাজধানীর বংশালে একটি পোশাক তৈরি কারখানায় শামিম (২২) নামে এক কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রানীগাঁও গ্রামে। বাবার নাম আবুল কাশেম। তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো.ফয়সাল জানান, বংশাল নাজিরা বাজার চৌরাস্তা ইদ্রিস প্লাজার ৭ম তলায় ‘রাজু ফ্যাশন’ নামে পোশাক খারখানায় কাজ করেন।
সন্ধ্যার কিছুক্ষণ আগে শামিম বাথরুমে ঢোকে। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও বের না হওয়ায় অন্য সহকর্মীদের সন্দেহ হয়।
তখন বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান, পানির লোহার পাইপের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে সে। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।