খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজল, সাধারণ সম্পাদক বিমল

উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খুলনা সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং-১০০৮)-এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ জুলাই) খুলনা প্রেস ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র ফটো সাংবাদিক আনোয়ারুল ইসলাম কাজল সভাপতি এবং অনলাইন পোর্টাল ঊষার আলোর সম্পাদক বিমল সাহা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১১টি পদের মধ্যে চারটি পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে আনোয়ারুল ইসলাম কাজল ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতির দুটি পদে শামীম আশরাফ শেলী ৬৫ ভোট এবং গাজী মনিরুজ্জামান ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে বিমান সাহা ৭১ ভোট এবং দপ্তর সম্পাদক পদে মো. হেলাল মোল্লা ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় যুগ্ম সম্পাদক পদে এমএম মিন্টু, কোষাধ্যক্ষ পদে আল মাহমুদ প্রিন্স, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে রীতা রানী দাস এবং নির্বাহী সদস্য পদে এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দিন বাহার ও তুফান গাইন নির্বাচিত হয়েছেন।

খুলনা সাংবাদিক ইউনিয়নের ১১৮ জন সদস্যের মধ্যে ৭৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন শেখ কামরুল আহসান। কমিটির সদস্য ছিলেন সোহেল মাহমুদ ও দেবব্রত রায়।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পর্যবেক্ষক প্রতিনিধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, তথ্য অধিদপ্তরের সহকারী পরিচালক রমজান হোসেন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি পুলিশ পরিদর্শক ইমাম মল্লিক উপস্থিত ছিলেন।

এ ছাড়া খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।