নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমোড়ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত আলিনুর ফকির কুমোড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন বলে জানা গেছে। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলিনুর ফকির রাতে কুমোড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এসময় একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে পাওনা টাকা চাইলে আলিনুরের সাথে তার বাক-বিতণ্ডা হয়।
 
এক পর্যায়ে রাজিব আলিনুরের পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলিনুরকে মৃত ঘোষণা করেন।
 
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথর জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।