স্পেনের বিপক্ষে মহারণের ঠিক আগের রাতে সতীর্থ, কোচিং স্টাফ এবং কোটি ভক্তদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাতীয় দলের সাথে কাটানো দীর্ঘ পথচলা এবং দলের ভেতরের গভীর মেলবন্ধনের কথা তুলে ধরেন তিনি।
মেসি তাঁর বার্তায় স্পষ্ট করে দিয়েছেন যে, ট্রফি জেতার চেয়েও তাঁর কাছে একসাথে চলার পথটাই সবচেয়ে সুন্দর ছিল। তিনি লিখেন,
"এতগুলো বছরের সবচেয়ে সুন্দর দিকটা শুধু শিরোপা জয় ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল দারুণ। এই দলের সাথে প্রতিদিনের সময়গুলো ভাগ করে নেওয়া, একসঙ্গে লড়াই করা,কঠিন মুহূর্তে একে অপরকে টেনে তোলা এবং প্রতিটি ধাপ উপভোগ করাটাই ছিল আসল।"
চলতি বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগ ভেঙে গোল করা যেকোনো দলের জন্যই কঠিন রূপ নিয়েছে, কারণ পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করেছে। তবে ফাইনালের এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েও মেসি মাঠের লড়াইয়ের চেয়ে দলের ঐক্য ও পেছনের কারিগরদের অবদানকে বড় করে দেখছেন। দলের এই সাফল্যের পেছনে মাঠের বাইরের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মেসি বলেন,
"আমার প্রতিটি সতীর্থ, কোচিং স্টাফ এবং পর্দার আড়ালের সেই সব অসাধারণ মানুষকে ধন্যবাদ, যারা প্রতিদিন এই জাতীয় দলটিকে একটি পরিবার হিসেবে ধরে রাখতে কাজ করে যাচ্ছেন।"
রবিবারের এই মেগা ফাইনালের ফলাফল যা-ই হোক না কেন, এই দলটি ইতিমধ্যেই ফুটবল ইতিহাসে নিজেদের নাম অমর করে নিয়েছে বলে বিশ্বাস করেন আর্জেন্টাইন জাদুকর। ভক্তদের আশ্বস্ত করে তিনি লিখেন:
"আগামীকাল (আজ) যা-ই ঘটুক না কেন, এই গ্রুপটি ইতিমধ্যেই এমন একটি গল্প লিখে ফেলেছে যা আমরা কখনোই ভুলব না এবং কেউ কখনো তা মুছে দিতে পারবে না।"
বার্তার একদম শেষ অংশে ভক্তদের চিরচেনা উন্মাদনা জাগিয়ে তুলে মেসি বলেন, **"ভামোস, আর্জেন্টিনা" (এগিয়ে যাও, আর্জেন্টিনা)।**