ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা

মূলহোতা মাইকেলসহ র‌্যাবের জালে ৯ জন

দুই কোটি টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় মূলহোতা মাইকেলসহ হামলায় সরাসরি অংশ নেওয়া ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় হামলায় ব্যবহৃত চারটি দেশি অস্ত্র জব্দ করা হয়। চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শনিবার (১৮ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মূলহোতা মাইকেল রোহেন মিয়া প্রকাশ (৩১), মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আব্দুল মুমিন (৩০), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সানজাত হাসান (১৮), সৈকত হোসেন (১৮) ও মো. সাইফুদ্দিন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ১৩ জুলাই সংঘটিত এ হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় সরাসরি অংশ নেওয়া ৯ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে ১৫ জুলাই ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় আটজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

র‌্যাব-৭ জানায়, নগরের চকবাজারের বাকলিয়া এক্সেস রোডে ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামের ইন্টারনেট সার্ভিস প্রদানকারী একটি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আদিল বিন মামুনকে ১১ জুলাই তার হোয়াটসঅ্যাপ নাম্বারে ডেভিড ইমন নামে এত সন্ত্রাসী এককালীন দুই কোটি টাকাসহ প্রতিমাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করলে তিনি অসম্মতি জানান। পরবর্তীতে ১৩ জুলাই দুপুরে ৪০ জনের একটি সন্ত্রাসী দল দেশিয় অস্ত্র নিয়ে তার অফিসে ঢুকে আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপসহ অফিসের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এসময় অফিসে থাকা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার বাদী হয়ে নগরের চকবাজার থানায় অজ্ঞাত ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।