জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে ক্ষুদ্র গবেষণা কার্যক্রমের জন্য শিক্ষকদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় এই গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
আগ্রহী ব্যক্তিরা আগামী ১৫ আগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন। নির্বাচিত প্রতিটি গবেষণার জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষার প্রাসঙ্গিকতায় পাঁচটি নির্দিষ্ট বিষয়ের ওপর এই প্রস্তাবনা জমা দেওয়া যাবে।
বিজ্ঞপ্তির তথ্য বলছে, বিষয়গুলোর মধ্যে রয়েছে-শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি মৌলিক সাক্ষরতা উন্নয়ন, গণিতের চ্যালেঞ্জিং বিষয়বস্তু উপস্থাপনার কৌশল, পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) প্রশিক্ষণের কার্যকারিতা, প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাক্রমের সামঞ্জস্য এবং প্রাথমিক শিক্ষা প্রশাসনের কার্যক্রম সহজীকরণ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছর বিশেষভাবে পরীক্ষামূলক গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হবে। গবেষণা পরিচালনার জন্য একজন টিম লিডারের নেতৃত্বে এক বা একাধিক সহযোগী গবেষক নিয়ে গবেষণা দল গঠন করতে হবে। পিটিআই, ইউপিইটিসি, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এ দলে গবেষক হিসেবে অংশ নিতে পারবেন।