যশোরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

যশোরের শার্শায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার সালামের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদরের সুজলপুর গ্রামের নাহিদ ইসলাম (৩৫) ও বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের উষা রহমান (৩০)। আহত রুবেল হোসেনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, সোমবার সকাল ৯ টার দিকে তিন যুবক মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন। এসময় রুদ্রপুর-গোগাগামী পাকা সড়কের সালামের মোড় নামক এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাহিদ ও উষা নিহত হন। গুরুতর আহত রুবেলকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে পুলিশ নাহিদ ও উষার মরদেহ উদ্ধার করে যশোর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।