৭ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ঢাকায় জলাবদ্ধতার শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার (২০ জুলাই) দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের সাত বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতি ভারী বৃষ্টির কারণে ঢাকা মহানগরের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভারী বৃষ্টিপাত–সংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি ভারী বৃষ্টির কারণে ঢাকা মহানগরের নিচু এলাকার কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।