চট্টগ্রাম থেকে ঢাকা ক্যান্টনমেন্টে জিয়ার ঘাতক মোজাফফর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় সামরিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেনকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ঢাকা ক্যান্টনমেন্টে আনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রবিবার রাতে মিলিটারি পুলিশ (এমপি) ও আর্মি সিকিউরিটি ইউনিটের (এএসইউ) তত্ত্বাবধানে সামরিক বাহিনীর একটি বিমানে তাঁকে ঢাকায় আনা হয়।

সূত্রগুলো বলছে, তাঁকে ঢাকা ক্যান্টনমেন্টে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে জিজ্ঞাসাবাদে শুধু সেনাবাহিনী থাকবে, নাকি ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবিসহ অন্যান্য সংস্থার সমন্বয়ে কোনো টাস্কফোর্স গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত শুক্রবার তাঁকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে সামরিক আদালতের হেফাজতে নেওয়া হয়। জিয়াউর রহমান হত্যা মামলার বিচার চট্টগ্রাম সামরিক আদালতেই হওয়ায় তাঁকে সেখানে নেওয়া হয়।

গত বুধবার রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে মেজর মোজাফফরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন বিষয়টি প্রকাশ্যে আসে এবং পরে তাঁকে সেনাবাহিনীর হেফাজতে দেওয়া হয়।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। পরে এ ঘটনায় সামরিক আদালতে বিচার হয় এবং কয়েকজন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। মেজর মোজাফফর হোসেন তাঁদেরই একজন।

সূত্রগুলো জানায়, স্বাধীনতার পর তিনি জাতীয় রক্ষীবাহিনীতে কমিশন পান। রক্ষীবাহিনী বিলুপ্ত হওয়ার পর সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হন। ১৯৮১ সালে তিনি ২৪ পদাতিক ডিভিশনে কর্মরত ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের দাবি, হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে দেশে ফিরে পরিচয় গোপন করে বসবাস করছিলেন। সম্প্রতি কললিস্টের সূত্র ধরে তাঁকে গ্রেপ্তার করা হয়।